Dailyhunt
তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, আজ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, আজ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

চৈত্রের তীব্র দাবদাহে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ, তখনই স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ রাতের দিকেও এই জেলাগুলির কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাগুলোতে। এই বৃষ্টির ফলে গত কয়েকদিনের অসহ্য গরম ও অস্বস্তি থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদহসহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব মিলিয়ে রাজ্যজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টির দাপটে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta