উত্তরাখণ্ডের দেরাদুনে নিজের ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে দেড় লক্ষ টাকায় বিক্রির অভিযোগে গর্ভধারিণী মাকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্রির চুক্তির পুরো টাকা না পেয়ে ক্ষুব্ধ মা পুলিশের কাছে মেয়ের অপহরণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজপুর থানা পুলিশ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে নাবালিকাকে উদ্ধার করে।
তদন্তে বেরিয়ে আসে যে, অভিযুক্ত মা পিঙ্কি মালিক নামের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে লভি কুমার নামে এক যুবকের কাছে মেয়েটিকে বিক্রি করেছিলেন। পরবর্তীতে লভি কুমার বেশি লাভের আশায় ২ লক্ষ টাকায় মনীষ নামের আরেক ব্যক্তির কাছে মেয়েটিকে পুনরায় বিক্রি করে দেয়। পুলিশি জেরায় মা নিজের অপরাধ স্বীকার করলে পুলিশ তাকেসহ পিঙ্কি মালিক, লভি কুমার এবং মনীষ-এই চারজনকেই গ্রেফতার করে। এই মানবপাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

