দীর্ঘ ১৯ বছরের নির্বাসন কাটিয়ে শনিবার কলকাতায় ফিরেছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে আয়োজিত একটি কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে বলেন, এই পশ্চিমবঙ্গে তাকে নিরাপত্তা দেওয়ার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের।
তিনি আরও দাবি করেন, আজকের পশ্চিমবঙ্গ শৃঙ্খলমুক্ত এবং এখানে বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত।
উল্লেখ্য, ২০০৭ সালে 'দ্বিখণ্ডিত' বই প্রকাশের পর তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে নিরাপত্তার কারণ দেখিয়ে বইটি নিষিদ্ধ করা হয় এবং তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়। এরপর দীর্ঘ ১৫ বছর তৃণমূল শাসনেও তিনি ফেরার অনুমতি পাননি। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকার তার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দীর্ঘ সময় পর কলকাতায় ফিরে আবেগাপ্লুত তসলিমা নাসরিন সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, সরকার আগামী দিনেও লেখক, শিল্পী ও ভিন্নমতের মানুষের অধিকার রক্ষা করবে।

