ভারতে প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হয়েছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকেরা সরকারি পোর্টাল se.census.gov.in-এ গিয়ে 'সেলফ এনুমারেশন' প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসেই তাঁদের পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। এই প্রক্রিয়ায় অংশ নিতে পরিবারের প্রধান বা অনুমোদিত সদস্যকে সচল মোবাইল নম্বর দিয়ে পোর্টালে লগ-ইন করতে হবে এবং ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে।
অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে ঠিকানার বিবরণ, বাসস্থানের ধরন, মৌলিক সুযোগ-সুবিধা এবং ব্যক্তিগত সম্পদের তথ্যাদি হাতের কাছে রাখতে হবে। ডিজিটাল ফর্মে এমসিকিউ (MCQ) প্রশ্নের পাশাপাশি ফোনোটিক কিবোর্ডের সুবিধা রয়েছে এবং জমা দেওয়ার আগে ড্রাফট সেভ বা সংশোধনের সুযোগ মিলবে। সফলভাবে তথ্য জমা হওয়ার পর ব্যবহারকারী ১১ অঙ্কের একটি 'সেলফ এনুমারেশন আইডি' (SEID) পাবেন, যা পরবর্তীতে বাড়িতে আসা জনগণনা কর্মীকে দেখাতে হবে। তবে অনলাইনে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক নয়; যারা অনলাইনে তথ্য দেবেন না, জনগণনা কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উল্লেখ্য, জনগণনায় ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া বা উত্তর না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
