কলকাতা হাইকোর্টে আরও একবার পিছিয়ে গেল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশন পিটিশনের শুনানি। আদালতের নির্দেশ অনুযায়ী, এই মামলার পরবর্তী শুনানি আগামী ছয় সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আদালতের তরফে সংশ্লিষ্ট সব পক্ষকে নতুন করে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী।
তিনি ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জয়ের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পিটিশনে অভিযোগ করা হয়েছে, গণনার প্রথম ১২ রাউন্ড পর্যন্ত মমতার ব্যবধান ও এগিয়ে থাকা স্পষ্ট থাকলেও পরবর্তী রাউন্ডগুলোতে হঠাৎ সমীকরণ বদলে যায়, যা গণনা প্রক্রিয়ায় কারচুপির ইঙ্গিত দেয়। মঙ্গলবার এই মামলায় মমতার পক্ষে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

