ভারতের সঙ্গে লাগোয়া পূর্ব সীমান্ত বরাবর ২৫০টি 'এসএইচ-১৫' (SH-15) ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেলড হাউইৎজার কামান মোতায়েন শুরু করেছে পাকিস্তান। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সীমান্তের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে ধাপে ধাপে এই ১৫৫ মিমি আর্টিলারি সিস্টেম বসানো হচ্ছে।
২০২৫ সালের মে মাসে ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পরবর্তী সময়ে নিজেদের সামরিক সক্ষমতা ও সীমান্ত সুরক্ষা বাড়াতে পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
চিনের সরকারি প্রতিরক্ষা সংস্থা 'নরিনকো'-র তৈরি এই হাউইৎজারটি দ্রুত স্থানান্তরে অত্যন্ত দক্ষ। ৬-হুইল সাঁজোয়া শানসি ট্রাকের ওপর বসানো এই কামান ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে দুর্গম এলাকায় চলাচল করতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এটি প্রতি মিনিটে ৬ রাউন্ড গোলাবর্ষণ করতে সক্ষম। সাধারণ গোলাবারুদে ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং বিশেষ 'ভি-ল্যাপ' প্রজেক্টাইল ব্যবহার করে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এই অস্ত্র। একসঙ্গে ২৫০টি হাউইৎজার মোতায়েন পাক সেনার একাধিক রেজিমেন্টের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

