প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সেলফি ভিডিও ফেসবুক থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় জাতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে মেটার প্রতিনিধিদের তলব করেছিল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে মেটার প্রতিনিধিরা ক্ষমা প্রার্থনা করলেও তাতে সন্তুষ্ট হননি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো জুনিয়র প্রতিনিধি নয়, বরং মেটা প্রধান মার্ক জুকারবার্গকে ব্যক্তিগতভাবে এর জন্য ক্ষমা চাইতে হবে।
বৈঠকে মেটা, গুগল, এক্স, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রীর ভিডিও পাঁচ ঘণ্টা ধরে সরিয়ে রাখার কারণ জানতে চাওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং অ্যালগরিদমের পক্ষপাতিত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, জুকারবার্গ ভারতকে অস্থির করার চক্রান্ত করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুকারবার্গ প্রকাশ্যে ক্ষমা না চাইলে মেটার পাওয়া আইনি সুরক্ষা বা 'সেফ হারবার' (সেকশন ৭৯) বাতিল করা উচিত। এছাড়া, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের তুলনায় অখ্যাত নতুন অ্যাকাউন্টগুলোর ভিডিওর অস্বাভাবিক ভিউ পাওয়ার ঘটনাকে অ্যালগরিদমের কারচুপি বলে চিহ্নিত করেছে সংসদীয় কমিটি।

