বর্ধমান শহরের রেনেসাঁ হাউজিং এলাকা থেকে জইশ-ই-মহম্মদের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও বর্ধমান পুলিশ। ধৃতের নাম মহম্মদ হামিম মন্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, হামিম দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিল। তার কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মসূচি ও ভিআইপিদের সফরের বিবরণ সংবলিত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ভিআইপিদের যাতায়াত, গাড়ির নম্বর ও নিরাপত্তার বিস্তারিত তথ্য তার কাছে কীভাবে পৌঁছাল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্তকারীদের দাবি, হামিমের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সরাসরি যোগাযোগ ছিল এবং সে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণও নিয়েছিল। পূর্বে হাওড়ার পিলখানায় কর্মরত হামিম গত দুই-তিন মাস আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে বর্ধমানের ওই ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করে। গ্রেফতারের পর তাকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। রাজ্যে তার আর কোনো সহযোগী রয়েছে কি না এবং কাদের সঙ্গে সে যোগাযোগ রাখত, তা জানতে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

