উত্তরপ্রদেশের হামিরপুরে বিমার ৪৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী অমর সিং এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হামিরপুরের বৈঠকা ধাম মন্দিরের কাছ থেকে রীতা নামের ওই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, রীতাকে প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তার নিথর দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টে নিহতের শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন এবং গুরুতর অভ্যন্তরীণ ক্ষতির প্রমাণ মিলেছে। মূলত, দুই মাস আগে স্ত্রীর নামে ৪৪ লাখ টাকার জীবনবিমা করানোর পরই অমর সিং এই খুনের পরিকল্পনা করে। ঘটনার শুরুতে সে পুলিশের কাছে রীতার নিখোঁজ হওয়ার ডায়েরি করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপরাধ স্বীকার করে নেয়। বর্তমানে অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

