রাজ্যে ক্ষমতার পরিবর্তনের তিন মাসের মাথায় দলের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে অস্বস্তিতে পড়েছে শাসকদল বিজেপি। খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, তোলাবাজি রুখতে সরকার ও সংগঠন-উভয় স্তরেই 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করা হবে এবং নির্ধারিত সময়সীমার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিন রাজারহাটের এক অনুষ্ঠানে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের কর্মী হলেও তোলাবাজির অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি পরামর্শ দিয়েছেন, তোলাবাজি বা সিন্ডিকেটের শিকার হলে ভয় না পেয়ে সরাসরি পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হতে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।

