শিক্ষার্থীদের মাসব্যাপী তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের নতুন প্রজন্মের এক ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের ধারাবাহিকতায় দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন শিক্ষামন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় গীতাঞ্জলি অ্যাংমো তরুণ প্রজন্মের এই সাফল্যকে ভারতের 'বিশ্বগুরু' হয়ে ওঠার প্রকৃত উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অংশগ্রহণে ভিন্ন মাত্রা পায়। ২৬ দিন ধরে আমরণ অনশন পালন করা ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে ভর্তি করলেও তিনি অনশনে অনড় থাকেন। পরে বিজেপি নেতা জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙেন। গত ২০ জুলাই মিছিলের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে তা চূড়ান্ত সফলতার মুখ দেখে।

