উত্তর প্রদেশের বরেলিতে একটি বিয়েবাড়িকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শুভ লগ্নের ঠিক আগেই কনে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এতে অনুষ্ঠানস্থলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কনেপক্ষের চরম সম্মানহানি ঘটে।
এই পরিস্থিতি সামাল দিতে কনেপক্ষের মুরুব্বিরা পাত্রের কাছে ছোট বোনকে বিয়ে করার প্রস্তাব দেন।
বরপক্ষ তাতে রাজি হলেও নতুন জটিলতা তৈরি হয়। কনের ছোট বোনও অন্য এক তরুণের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন এবং সেই প্রেমিক স্বয়ং বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন। নিজের প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হচ্ছে দেখে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়। পরপর দুটি বিয়ে বাতিল হওয়ায় দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষপর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

