সবংয়ে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেফতার পাচারকারী
নিজস্ব সংবাদদাতা, সবং: ওড়িশা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দিকে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে পুলিশের জালে ধরা পড়লেন দীপঙ্কর বিশ্বাস নামে এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সবং ব্লকের চাবুকিয়া এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশ একটি মালবাহী অটো আটক করে।
জাতীয় সড়কের পুলিশি নজরদারি এড়াতে গুগল ম্যাপ ব্যবহার করে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। তল্লাশি চালিয়ে অটোটির চালকের আসনের পেছনে সুকৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীপঙ্কর বিশ্বাস উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ওড়িশা থেকে আনা এই মাদক কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। রবিবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

