রাজ্যে দুর্নীতি রোধ ও পঞ্চায়েত পরিষেবাকে আরও স্বচ্ছ করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পাস করা হয়েছে। শনিবার বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে এই বিলটি পাস হয়। নতুন এই সংশোধনী অনুযায়ী, পঞ্চায়েতে রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার রুখতে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখন থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা ছাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী পঞ্চায়েত প্রধানের অনুমোদনের পাশাপাশি টাকা ছাড়ার ক্ষেত্রে বিলে সেক্রেটারিকেও স্বাক্ষর করতে হবে। বিডিও, এসডিও ও ডিএম-এর পাশাপাশি সেক্রেটারির স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় সরকারি টাকা আত্মসাৎ বা কাটমানি নেওয়ার প্রবণতা কমবে বলে মনে করছে সরকার। এদিকে বিধানসভায় বিলের পক্ষে ১৬৯টি এবং বিপক্ষে ১৩টি ভোট পড়েছে। এই ভোটাভুটির সময় ৩২ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন।

