নারীদের আইনি সুরক্ষায় এক যুগান্তকারী রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি এন. কোটিশ্বর সিং-এর যৌথ বেঞ্চ জানিয়েছে, এখন থেকে 'বিবাহ-সদৃশ' লিভ-ইন সম্পর্কে থাকা কোনো নারী বিবাহিত স্ত্রীর মতোই ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪৯৮এ ধারায় গার্হস্থ্য হিংসা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে আইনি সুরক্ষা পাবেন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কেবল আনুষ্ঠানিক বিয়ের নথিপত্র নেই-এই অজুহাতে কোনো নারীকে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার নীতির পরিপন্থী।
আদালত স্পষ্ট করেছে, সব লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে এই সুরক্ষা কার্যকর হবে না। সুরক্ষা পেতে হলে সংশ্লিষ্ট নারীকে প্রমাণ করতে হবে যে, তাঁদের সম্পর্কটি 'বিবাহ-সদৃশ' ছিল এবং উভয় পক্ষই বিয়ের ইচ্ছা পোষণ করতেন। কর্নাটক হাইকোর্টের একটি মামলার প্রেক্ষাপটে এই রায় এসেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তি বৈধ বিয়ের অভাব দেখিয়ে ৪৯৮এ ধারার আওতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তবে আইনের অপব্যবহার রোধে পুলিশকে 'অর্ণেশ কুমার বনাম বিহার রাজ্য' মামলার নির্দেশিকা মেনে প্রাথমিক তদন্ত সম্পন্ন করার পর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

