ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাঝরাতে নৈহাটি বড়মা মন্দির খুলিয়ে জন্মদিন পালনের অভিযোগ তুলেছেন মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ক্ষমতার দাপটে নির্ধারিত সময়ের পরে মন্দির খুলতে তারা বাধ্য হয়েছিলেন। একই সঙ্গে, নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মন্দিরের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি প্রয়োজনে থানায় যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, মন্দিরের প্রণামী বাক্স চুরি এবং সোনা-গয়না গলানোর মতো বিতর্কিত বিষয়গুলো স্বীকার করে নিয়েছেন তাপস ভট্টাচার্য। তবে নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি অডিট ও ভ্যালুয়েশনের হিসাবের সত্যতা দাবি করেছেন। তাঁর দাবি, পুরনো কমিটির কিছু সদস্য ও ব্যবসায়ীরা চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

