নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তা প্রদানের উদ্দেশ্যে আনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউনের এক অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনার মতুয়া সম্প্রদায়ের ৩০০ জন মানুষের হাতে তিনি ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। তিনি জানান, আগামী দিনে আরও বহু মানুষকে এই শংসাপত্র দেওয়া হবে এবং যোগ্য সকলকে নাগরিকত্বের জন্য আবেদনের আহ্বান জানান।
অনুষ্ঠান মঞ্চ থেকে সিএএ নিয়ে রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সরকার অক্ষরে অক্ষরে পালন করছে। সিএএ-র বিরোধিতার নামে অতীতে যে আন্দোলন হয়েছিল, তার ফলে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সিএএ-র ঘোষণার পর কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে তা কার্যকর হতে কিছুটা বিলম্ব হয়েছিল।
