আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে বিচারের দাবিতে সরব জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ আগামী সাত দিনের জন্য সমস্ত প্রকাশ্য কর্মকাণ্ড ও যোগাযোগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগস্ট মাস মানেই তাঁর কাছে হারানো মেয়ের স্মৃতি আর গভীর যন্ত্রণার মাস।
এই সময়কালে তিনি কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না এবং ফোন বা সরাসরি কারো সঙ্গে যোগাযোগ করবেন না।
রবিবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে রত্না দেবনাথ জানান, ব্যক্তিগত কারণে তিনি এই এক সপ্তাহের বিরতি চেয়েছেন। তবে তাঁর এই অনুপস্থিতিতেও সাধারণ মানুষের সুবিধার্থে তাঁর 'জনতার কার্যালয়'-এর সমস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজ স্বাভাবিক নিয়মেই চলবে। সন্তানহারা এক মায়ের নিভৃতে সময় কাটানোর আকুল আবেদন থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

