পশ্চিমবঙ্গজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ সালের ডিজিটাল জনগণনা কর্মসূচি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর শনিবার থেকে রাজ্যজুড়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এবারই প্রথম নাগরিকেরা নিজস্ব পোর্টালে 'স্ব-শুমারি' (Self-Enumeration) পদ্ধতিতে নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 'শান্তিকুঞ্জ' বাসভবনে প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর ডিজিটাল তথ্য নথিভুক্তকরণের মাধ্যমে জেলায় এই কর্মসূচির সূচনা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, সেচমন্ত্রী অরূপ দাস, মহকুমাশাসক অশোক ধুমাল এবং বিধায়ক দিব্যেন্দু অধিকারী।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকেরা পোর্টালে নিজেদের তথ্য আপলোড করতে পারবেন। এই প্রক্রিয়ায় ১১ অঙ্কের বিশেষ 'এসই আইডি' ব্যবহার করা হচ্ছে এবং ১৫ আগস্টের মধ্যে এনুমেটররা তথ্য যাচাই করে সরকারি সার্ভারে আপলোড করবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনার কাজ, যেখানে পরিবারের অর্থনৈতিক অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার ও বিভিন্ন সম্পদের তথ্য সংগ্রহ করা হবে। পরিশেষে, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায়ে সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্মসংক্রান্ত তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ধারণ করা হবে।

