পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে বেআইনিভাবে রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যের ১১টি বেসরকারি ব্লাড সেন্টারের আউটডোর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)। ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নির্দেশ অনুযায়ী, অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলি বাইরে কোনো শিবির করতে পারবে না।
তালিকাভুক্ত ব্লাড সেন্টারগুলোর মধ্যে রয়েছে ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল, লাইফ কেয়ার, অশোক ল্যাবরেটরি, কোঠারি মেডিক্যাল সেন্টার, হেলথ পয়েন্ট হাসপাতাল, ওম ব্লাড সেন্টার, এইচএমসি রোটারি, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, উপসম ওম ব্লাড সেন্টার, তেরেসা ওম ব্লাড সেন্টার এবং রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস।
তবে রোগীদের স্বার্থে এই কেন্দ্রগুলোর ইনডোর পরিষেবা চালু থাকবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞ ও কারিগরি দক্ষ কর্মীদের দ্বারা রক্ত সংগ্রহ এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (NBTC), ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS) ও ড্রাগস কন্ট্রোল রুলসের নিয়ম কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, রাজ্যজুড়ে রক্ত পাচার চক্র রুখতে এখন থেকে কোনো ব্লাড সেন্টার বিপুল পরিমাণ রক্তের ‘বাল্ক ট্রান্সফার’ করতে চাইলে এসবিটিসি (SBTC)-কে আগে লিখিতভাবে জানাতে হবে। জনস্বার্থে রক্ত সংগ্রহের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরিকাঠামো খতিয়ে দেখতেই এই বিশেষ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

