পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দে নজিরবিহীন গতি এসেছে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রেল বাজেটে বার্ষিক গড় বরাদ্দ ছিল ৪,৩৮০ কোটি টাকা, যা ২০২৬-২৭ অর্থবর্ষে তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ১৪,২০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বর্তমানে রাজ্যে ৫,১৪৮ কিলোমিটার এলাকা জুড়ে ৮৩,৪৩৩ কোটি টাকার ৬৩টি অনুমোদিত রেল প্রকল্পের কাজ চলছে, যার মধ্যে ১৪টি নতুন রেললাইন, ৪টি গেজ রূপান্তর এবং ৪৫টি ডবলিং প্রকল্প অন্তর্ভুক্ত। ইতিমধ্যে ২৭,৯৪৯ কোটি টাকা ব্যয়ে ১,৭২১ কিলোমিটার রেলপথের কাজ সম্পন্ন হয়েছে।
চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সেবক-রংপো রেললাইন, যার ব্যয় ধরা হয়েছে ১১,৯৭৩ কোটি টাকা। এছাড়া রামপুরহাট-মান্দারহিল, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ, বর্ধমান-কাটোয়া এবং খড়গপুর-আদিত্যপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে ডবলিং ও নতুন লাইনের কাজ চলছে। জমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি 'টাস্ক ফোর্স' গঠন করা হয়েছে, যার ফলে নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন ও সাঁইথিয়া বাইপাসের মতো আটকে থাকা প্রকল্পগুলোতে অগ্রগতি হয়েছে। তবে রেলমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হওয়া মূলত জমি অধিগ্রহণ, বন দফতরের ছাড়পত্র এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল।

