পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বর্ধমানের একটি বিলাসবহুল আবাসন থেকে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহাম্মদের সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পুলওয়ামা হামলার অন্যতম চক্রান্তকারী সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী এই জঙ্গি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার একটি বড় নীল নকশা তৈরি করেছিল।
পুলিশ ও গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, হামিদ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর গতিবিধি ও তাঁর মোবাইল ফোন ট্র্যাক করছিল। গ্রেফতার হওয়ার আগে সে কিছুদিন কলকাতার নিউটাউনেও আত্মগোপন করেছিল বলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ বর্ধমানের রেঁনেসা আবাসন থেকে তাকে পাকড়াও করে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

