বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রের ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। সম্প্রতি গ্রেপ্তার হওয়া পাকিস্তানের প্রশিক্ষিত জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল।
শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায় এক গোপন অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের দাবি, জঙ্গি হামিম তার নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন এবং নেটওয়ার্ক বিস্তারের কাজে অর্পিতাকে ঢাল হিসেবে ব্যবহার করত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত হামিম অতীতে পাকিস্তানে গিয়ে লস্কর বা জইশের মতো জঙ্গি সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়েছিল। বর্তমানে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও জঙ্গি সংগঠনের শিকড় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

