কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করার অভিযোগে ধৃত জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ নিশ্চিত করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার এক সাংবাদিক বৈঠকে এসটিএফ-এর আইজি গৌরব শর্মা জানান, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে হামিমকে ট্র্যাক করা হয়। সে পাকিস্তান থেকে পরিচালিত 'রানা', 'হুসেন' ও 'আবিদ' নামের হ্যান্ডেলগুলোর মাধ্যমে পাক গ্যাংস্টার 'শেহজাদ ভাট্টি গ্যাং'-এর সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল।
তদন্তে জানা গেছে, এই চক্রটির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সরাসরি যোগসূত্র রয়েছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হামিমকে বিরোধী দলনেতার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করার পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে পুলিশ সেজে নাশকতার ছক কষার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু শুভেন্দু অধিকারীই নন, জঙ্গিদের নিশানায় ছিলেন হাওড়া উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাইও। পরিকল্পনা ছিল বিধায়কের ছেলেকে 'হানিট্র্যাপ'-এ ফেলে অপহরণ করার। এই মামলায় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে, যে সরাসরি এই চক্রের সঙ্গে জড়িত ছিল। বর্তমানে বাকি সহযোগীদের খোঁজে তল্লাশি চলছে এবং ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করছেন এসটিএফ আধিকারিকরা।

