কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমায় অস্বস্তিকর গরম ও আর্দ্রতা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম-এই আটটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কারণে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

