বিবিপি নিউজ: মহাশূন্যে প্রথম ছায়াছবির শুটিং শেষ করে রাশিয়ার একটি সিনেমা দল পৃথিবীতে ফিরে এসেছে। ক্লিম শিপেনকো এবং অভিনেতা ইউলিয়া পেরেসিল্ড আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস ত্যাগ করে কাজাখস্তানে অবতরণ করেন। প্রথমবারের মতো সেটের বদলে সত্যি সত্যিই মহাকাশে শুটিং হল কোনো ছবির।
মহাশূন্য ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসে এক টুইটার পোস্টে পেরেসিল্ড তার খোলা চুলের ছবি পোস্ট করেন। ভরশূন্যতায় তোলা এই ছবি দিয়ে ছায়াছবিটি সত্যি মহাশূন্যে ধারণ করা হয়েছে কিনা, সেই ষড়যন্ত্র তত্ত্ব নস্যাত্ করা হয়। হলিউড তারকা টম ক্রুজও এই ছবিতে অংশ নিচ্ছেন। মার্কিন মহাশূন্য সংস্থা নাসা এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এই প্রকল্পের সঙ্গে জড়িত।
ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেনকোকে বহনকারী মডিউলটি কাজাখস্তানের সময় দুপুরবেলা পৃথিবীতে অবতরণ করে। তবে মহাশূন্যে ছবি চিত্রায়নের সময় আরও কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। ফিল্ম ক্রু জানায়, শুটিং করতে গিয়ে পর্দার মতো বাস্তবেও চ্যালেঞ্জের মুখে পড়েছে ফিল্ম ইউনিট। গত ৫ অক্টোবর ইউলিয়াদের নিয়ে যাওয়ার সময়ে স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে ম্যানুয়াল পদ্ধতিতে মহাকাশযানটিকে মহাকাশ কেন্দ্রে সংযুক্ত করতে বাধ্য হন কমান্ডার আন্তন শ্কাপলেরভ। আবার গত শুক্রবার ফিরতি যাত্রার জন্য সয়ুজ এমএস-১৮ রকেটটি আইএসএস গিয়ে পৌঁছায় তখন তার স্বয়ংক্রিয় ডকিং সিস্টেমটি বিকল হয়ে পড়ে। পরে কেঁপে ওঠে পুরো মহাকাশ কেন্দ্র। প্রায় আধ ঘণ্টা পরে সেটি আবার সচল হয়।
ফিরে এসে ইউলিয়া বলেছেন, ১২ টা দিন কম নয়। তবু কাজ শেষ হওয়ার পরেও ফিরতে ইচ্ছে করছিল না। এখন পৃথিবীর মাটিতেও অনেকটা শুটিং বাকি। শোনা যাচ্ছে, সিকুয়েলও হবে এই ছবির। তবে সেটির শুটিং কোথায় হয়, সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, এই ছবির পরিচালক এবং অভিনেতাকে আগামী ১০ দিন ধরে রাশিয়ার স্টার সিটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে হবে। পৃথিবীতে ফিরে আসার পর প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য।

