Dailyhunt
BJP, Khargapur,  খড়্গপুর গ্রামীণে বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার পদযাত্রা, জনসংযোগে জোর

BJP, Khargapur, খড়্গপুর গ্রামীণে বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার পদযাত্রা, জনসংযোগে জোর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা বুধবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন। শিরোমণি দক্ষিণ পাড়া থেকে ধর্মপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রচারের সূচনায় তপন ভুঁইঞা স্থানীয় রামমন্দিরে পুজো দেন। এরপর দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে তিনি মিছিলে সামিল হন। পদযাত্রা চলাকালীন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এদিন তপন ভুঁইঞা বলেন, "রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মনস্থির করে ফেলেছেন। এবারে বাংলায় বিজেপি সরকার গঠন করবে।" তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের অভাব, আবাস যোজনায় অনিয়ম এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সঙ্কটের বিষয়ও তুলে ধরেন।

তিনি আরও বলেন, "আমরা এই সমস্ত বিষয় মানুষের সামনে তুলে ধরছি। শেষ পর্যন্ত মানুষই এর বিচার করবে।"

বিজেপির এই পদযাত্রাকে কেন্দ্র করে খড়্গপুর গ্রামীণ এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bengali Amader Bharat