গালওয়ান পরবর্তী অধ্যায়ে বরফ গলার জোরালো ইঙ্গিত। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়েই নয়াদিল্লিতে আসছেন চিনের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, তিনি শেষবার ভারতে এসেছিলেন ২০১৯ সালের অক্টোবর মাসে।
সেই হিসেবে, গালওয়ান উপত্যকার সীমান্ত উত্তেজনার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর।
আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। গত বছর ২৫তম এসসিও (SCO) সম্মেলনের গিয়ে প্রধানমন্ত্রী মোদি জিনপিংকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধানই ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
সম্প্রতি বিদেশ মন্ত্রকের প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জিনপিং এই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ব্রিকস সম্মেলনে ভারতের সভাপতিত্বকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। কূটনৈতিক মহলের ধারণা, সেই প্রতিশ্রুতি মেনেই এবার নয়াদিল্লি সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট। একইসঙ্গে ক্রেমলিনের পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছে যে, এই সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
আরও পড়ুন:টুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল
নয়াদিল্লির এই ব্রিকস সম্মেলনে মূলত বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুত্ববাদী বিশ্বব্যবস্থাকে শক্তিশালী করার ওপর আলোকপাত করা হবে। তবে আন্তর্জাতিক মহলের আলাদা নজর কাড়ছে ভারত-রাশিয়া-চিনের সহাবস্থান। মার্কিন রক্তচক্ষু ও শুল্কের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার পাশাপাশি ইরান থেকেও তেল কেনা অব্যাহত রাখতে চায় এই দুই প্রতিবেশী দেশ, যা তাদের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

