Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভোররাতে বিহারে ট্রেনের ইঞ্জিনে আগুন, পুড়ে ছাই তিন বগি

ভোররাতে বিহারে ট্রেনের ইঞ্জিনে আগুন, পুড়ে ছাই তিন বগি

ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোর ৩.২৫ নাগাদ বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেনে সেই সময়ে অনেক যাত্রী ছিলেন। কিন্তু হঠাৎ ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং নিমেষে ইঞ্জিনে আগুন ধরে যায়।

দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পিছনের কয়েকটি বগিতে। ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এদিনের এই আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

সেই সময়ে ট্রেনের যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগতেই ট্রেনের কর্মীরা যাত্রীদের বাইরে বের করে নিয়ে আসেন। সিমরি বখতিয়ারপুরের স্টেশন সুপারইনটেন্ডেন্ট এই বিষয়ে জানিয়েছেন, ঘটনায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। সহর্সা-সমস্তিপুর প্যাসেঞ্জার, সহর্ষ-পাটনা কোশী এক্সপ্রেস, মণিহারি-জয়নগর জানকী এক্সপ্রেস এবং সহর্ষ-দেওঘর শ্রাবণী স্পেশাল ট্রেনগুলি দেরিতে চলছে।

সূত্রের খবর, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। সকাল ছ’টা থেকে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে হঠাৎ ঠিক কী ভাবে এই আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ এবং রেল। ট্রেনের ইঞ্জিনে কোনও টেকনিক্যাল ফল্ট ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad