Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছ বছরের রহস্যে নতুন মোড়, দিশার মৃত্যুতে সিবিআই তদন্ত হাই কোর্টের

ছ বছরের রহস্যে নতুন মোড়, দিশার মৃত্যুতে সিবিআই তদন্ত হাই কোর্টের

দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যু নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্নের এবার নতুন করে তদন্তের দরজা খুলে দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI) নতুন এফআইআর দায়ের করে ঘটনার সব দিক খতিয়ে দেখতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ, সংস্থার কোনও অভিজ্ঞ ও পদস্থ আধিকারিকের নেতৃত্বে এই তদন্ত এগোবে।

২০২০ সালের জুনে দিশার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু আত্মহত্যার ঘটনা বলেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পরিবার। দিশার বাবা সতীশ সালিয়ানের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর নেপথ্যে অপরাধের ঘটনা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয় পরিবার।

বুধবার বিচারপতি এস ভি কোতওয়াল (Justice S. V. Kotwal) ও বিচারপতি আর আর ভোঁসলের (Justice R.R. Bhosale) ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে সতীশের পক্ষে আইনজীবী নীলেশ ওঝা (Lawyer Nilesh Ojha) অভিযোগ করেন, পরিবারের তরফে গুরুতর অভিযোগ জানানো সত্ত্বেও সেই ভিত্তিতে পৃথক এফআইআর দায়ের হয়নি। পরিবারের আবেদনে কেন্দ্রীয় তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তবে তদন্ত শুরুর নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার জন্য নির্দিষ্ট সীমারেখাও বেঁধে দিয়েছে আদালত। কোনও ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট ও যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তি তৈরি না হলে তাঁকে আটক করা যাবে না। অন্যদিকে তদন্তে অভিযোগের পক্ষে কোনও প্রমাণ না মিললেও আইন অনুযায়ী প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে। দিশার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা সামনে আসায় সেই সময় দুই ঘটনাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। ছ বছর পরে আদালতের নির্দেশে নতুন তদন্ত শুরু হওয়ায়, পুরনো সেই রহস্যের কোনও উত্তর এবার সামনে আসে কি না, সেদিকেই নজর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad