Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছেঁড়া নোটের ঝামেলা কমাতে নতুন উদ্যোগ আরবিআইয়ের

ছেঁড়া নোটের ঝামেলা কমাতে নতুন উদ্যোগ আরবিআইয়ের

দেশে মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। বুধবার মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আগামী অর্থবর্ষের শুরুতেই পরীক্ষামূলকভাবে পলিমার বা বিশেষ প্লাস্টিকজাত উপাদানে তৈরি ১০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ইতিমধ্যেই নোট তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ পলিমার (Polymer) সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তিগত সমস্ত পরীক্ষা সফল হলে সাধারণের হাতে এই নোট পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০ টাকার ১০০ কোটি এবং ২০ টাকার ১০০ কোটি নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাপানোর অনুমোদন মিলেছে। তবে নতুন নোট এলেও বর্তমানে প্রচলিত কাগজের নোট আগের মতোই বৈধ থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

আরবিআইয়ের দাবি, পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না, ফলে বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজনও কমে আসে। এর জেরে দীর্ঘমেয়াদে নোট ছাপানোর খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। দৈনন্দিন লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ ও ২০ টাকার নোট দিয়েই তাই এই প্রকল্পের সূচনা করা হচ্ছে।

বিশেষ ধরনের শক্ত ও নমনীয় পলিমার ফিল্ম দিয়ে তৈরি এই নোট বিশ্বের একাধিক দেশে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ভারতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করতে চাইছে আরবিআই। ফিল্ড ট্রায়াল সফল হলে ধাপে ধাপে অন্যান্য নোটেও পলিমার প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad