মাঠে খেলা চলছে, আর সেই সময় ডাগআউটে (Dugout) মোবাইল হাতে ক্রিকেটার! তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (Tamil Nadu Premier League) একটি ম্যাচে এমনই ঘটনায় কড়া পদক্ষেপ করল ক্রিকেট প্রশাসন। ম্যাচের নির্দিষ্ট এলাকায় মোবাইল ব্যবহারের নিয়ম ভাঙার অভিযোগে তামিলনাড়ুর এক ক্রিকেটারকে (Cricketer) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।
ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় (PMOA) মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। সেই নিয়ম অমান্য করে ফোন ব্যবহার করেছিলেন ২৬ বছরের এক বাঁহাতি ব্যাটার। অভিযোগ, খেলা চলার মধ্যেই তিনি প্রেমিকাকে মেসেজ করছিলেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ধরনের দুর্নীতির প্রমাণ বা অভিযোগ সামনে আসেনি। নিয়মভঙ্গের বিষয়টিকেই আপাতত শাস্তির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Tamil Nadu Cricket Association) এক কর্তার বক্তব্য, “ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্ত একজন বাঁহাতি ব্যাটার। গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতরান করেছিল। ম্যাচ চলাকালীন তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনও অভিযোগ নেই। কিন্তু ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তাই ওই ক্রিকেটার নিশ্চিত ভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে।”
প্রাথমিক ভাবে আরও কঠোর শাস্তির কথা বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি কর্তৃপক্ষ। কারণ ঘটনাটিকে গুরুতর কোনও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়নি। তাই আর্থিক জরিমানার পাশাপাশি ওই ক্রিকেটারকে সতর্ক করা হয়েছে। তদন্তে নতুন কোনও তথ্য উঠে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

