তিনদিনের মধ্যে মেটা হেড মার্ক জুকারবার্গকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম বেঁধে দিয়েছিল কেন্দ্র। কিন্তু তাঁর আগেই সোশ্যাল মিডিয়ায় শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট (CSEAM) এবং ডিপফেক-সহ একাধিক ত্রুটিকে স্বীকার করে ক্ষমা চাইলেন গ্লোবাল মেটা হেড। বুধবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক সূত্রে এই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিটে মেটাকে চরম আল্টিমেটাম! ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে
ইতিমধ্যেই মেটার শীর্ষস্থানীয় গ্লোবাল আধিকারিকরা সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। সেই বৈঠকেই মেটা প্রধানের পক্ষে শীর্ষ আধিকারিকরা ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্ম পরিচালনায় সমস্ত ভুলত্রুটির জন্য ক্ষমা চান। এই ঘটনার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলা নিয়ে মেটাকে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্র।
বুধবারেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বে গঠিত যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি সাফ জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী ভিডিও সরিয়ে দেওয়ার জন্য জুকারবার্গকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে। সন্তোষজনক পদক্ষেপ না করলে মেটার আইনি সুরক্ষাকবচ (Safe Harbor) তুলে নেওয়া হবে। এর ফলে সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি FIR ও ফৌজদারি মামলার রাস্তা খুলে যেত।

