Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হুমায়ুনের ডিগবাজি! লোকসভা ভোট নিয়ে বড় সিদ্ধান্ত

হুমায়ুনের ডিগবাজি! লোকসভা ভোট নিয়ে বড় সিদ্ধান্ত

কখনও রাজনীতি ছেড়ে পাকাপাকিভাবে দুবাইয়ে (Dubai) চলে যাওয়ার ঘোষণা, কখনও আবার শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া। রেজিনগর উপনির্বাচনের (Rejinagar By-Election) সময় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

ফের প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক! হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এমনকি কান্নাভেজা গলায় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও জানিয়েছিলেন। কিন্তু সেই অবস্থানে বেশিদিন অনড় থাকতে পারলেন না তিনি। মাস দেড়েকের মধ্যেই ফের সুরবদল। রাজনীতি থেকে সরে যাওয়া তো দূরের কথা, এবার ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দুটি আসনে লড়াই করার ঘোষণা করলেন হুমায়ুন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনার কথা জানান তিনি। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে যোগ দেওয়া নিয়েও এতদিন সংশয় তৈরি হয়েছিল। কারণ, উপনির্বাচনের সময় থেকেই রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে হুমায়ুন জানিয়ে দিয়েছেন, অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় হাজির থাকবেন তিনি। এরপর সপ্তাহান্তে নিজের বিধানসভা কেন্দ্রে ফিরে যাবেন।

কেন আচমকা এই অবস্থান বদল? উপনির্বাচনের সময়কার ক্ষোভের প্রসঙ্গ উঠতেই হুমায়ুনের ব্যাখ্যা, ভোটের সময় জেলার পুলিশ প্রশাসন মিথ্যা মামলা দিয়ে তাঁর দলের নেতা-কর্মীদের হয়রানি করেছে। তাঁদের ভোটের লড়াই থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ তাঁর। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর দাবি, ভোটে জয় পরাজয় থাকতেই পারে, কিন্তু তাঁকে জোর করে হারানো হয়েছে বলে মনে করেন তিনি। সেই অভিমান থেকেই রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।

হুমায়ুনের কথায়, এলাকার মানুষ তাঁকে বিধায়ক নির্বাচিত করেছেন। তাই তাঁদের উন্নয়নের জন্য কাজ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব। শাসকদলের সঙ্গে দূরত্ব থাকলেও নিজের বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজে পিছিয়ে থাকতে চান না তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন নিয়েও মুখ খোলেন হুমায়ুন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর অভিমান মিটে গিয়েছে। এলাকার উন্নয়নের প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বা কথা বলতে তাঁর কোনও আপত্তি নেই। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এড়িয়ে উন্নয়নের কাজ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে সবচেয়ে বড় চমক ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে তাঁর ঘোষণা। হুমায়ুন জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে নিজেই দুটি আসনে প্রার্থী হতে চান। তাঁর লক্ষ্য বহরমপুর ও মুর্শিদাবাদ। আসন পুনর্বিন্যাসের কারণে নির্বাচনী সমীকরণ বদলালে অবশ্য পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। তবে আপাতত দুটি আসনেই লড়াই করার ইচ্ছা স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ, যে হুমায়ুন কবীর মাস দেড়েক আগেই রাজনীতি ছেড়ে দুবাইয়ে পাকাপাকিভাবে বসবাসের কথা বলেছিলেন, তিনিই এখন ২০২৯ সালের লোকসভা ভোটের প্রস্তুতির বার্তা দিচ্ছেন। রাজনৈতিক মহলের নজর এখন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad