বইয়ের স্টলে (Book Stall) বোমা ছোড়ার প্রতিবাদে এবার অভিনব কর্মসূচী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ক্লাসরুমে ক্লাসরুমে বসবে বুকস্টল। সেখানে সারাদিন চলবে বই বিক্রি। গত সপ্তাহে কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু'পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি চকোলেট বোমা ছোড়ার অভিযোগও ওঠে।
সেই ঘটনার প্রতিবাদেই নতুন কর্মসূচি নিয়েছে সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন এআইডিএসও (AIDSO)।
বাংলা আকাদেমিতেও দুর্নীতি! ব্রাত্যের বিরুদ্ধে কড়া নির্দেশ প্রাক্তন বিচারপতির
আগামী ২৬ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করবে সংগঠন। তাদের স্লোগান, ‘বুক স্টলে বোমার বিরুদ্ধে তোমার নিঃশব্দ প্রতিরোধ হোক একটা বই।’ অর্থাৎ, বইয়ের উপর হামলার প্রতিবাদে আরও বেশি করে বই পড়া এবং জ্ঞানচর্চার বার্তা দিতে চাইছে তারা।
এআইডিএসও-র কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনীক দে জানিয়েছেন, শিক্ষা ও জ্ঞানচর্চার উপর আক্রমণের প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ। তাঁর কথায়, ২৬ নভেম্বর ছাত্রছাত্রীরা যেন ক্যাম্পাসে এসে বই কেনেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে শুধু বইয়ের স্টলে হামলার প্রতিবাদ নয়, শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন।
সোমবার এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মণিশংকর পট্টনায়ক এবং সম্পাদক বিশ্বজিৎ রায় একটি বিবৃতি প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে আরএসএসের হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক মতাদর্শ ছড়ানোর চেষ্টা চলছে। রাজনৈতিক স্বার্থে ইতিহাস ও পাঠ্যক্রমকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাঁদের। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যবইয়ের শুরুতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও পরিচিতি রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে স্কুলের পাঠ্যবই রাজনৈতিক প্রচারের মাধ্যম হয়ে উঠবে কি না, সেই প্রশ্ন তুলেছে সংগঠন।
এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এবিভিপির একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। সোমবারের ওই অনুষ্ঠানে মঞ্চ তৈরির জন্য বিশিষ্ট ভাষাবিদ তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মূর্তি ঢেকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এআইডিএসও-র কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিট। তাদের প্রশ্ন, একজন বিশিষ্ট শিক্ষাবিদের মূর্তি ঢেকে কীভাবে মঞ্চ তৈরি করা হল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বা কীভাবে এর অনুমতি দিল?
সংগঠনের আরও অভিযোগ, স্বাধীনতা আন্দোলন ও বাংলার নবজাগরণের বিশিষ্ট ব্যক্তিদের চিন্তাভাবনা এবং তাঁদের লেখা বইয়ের প্রসারে বাধা তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সরকারি শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। সব মিলিয়ে, কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে সংঘর্ষের প্রতিবাদে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বই বিক্রির কর্মসূচি নিতে চলেছে এআইডিএসও। বই পড়া ও জ্ঞানচর্চার মধ্য দিয়েই প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে চাইছে ছাত্র সংগঠন।

