মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ঢোকেনি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। এই ক্ষোভেই এবার ফেটে পড়লেন আরামবাগের কয়েকশ উপভোক্তা। আগামী ১০ দিনের মধ্যে টাকা না ঢুকলে জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিলেন তাঁরা। রবিবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রাপ্য অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন হুগলির (Hooghly) আরামবাগের (Arambagh) শয়ে শয়ে মহিলা সুবিধাভোগী।
নির্ধারিত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও মাসের পর মাস টাকা না মেলায় হুগলির আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট আলটিমেটাম— আগামী ১০ দিনের মধ্যে যদি তাঁদের বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা না পড়ে, তবে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও পড়ুন:রাজ্যের উন্নতিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, পরিস্থিতি বুঝে পদক্ষেপের নীতি
আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, জুন মাস থেকে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনা চালু হলেও আরামবাগের (Arambagh) একটা বড় অংশের যোগ্য মহিলারা এখনও একটি টাকাও পাননি। তাঁরা জানান, সমস্ত নিয়ম মেনে অফলাইন এবং অনলাইন— দুই পদ্ধতিতেই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে তা সত্ত্বেও কেন তাঁদের টাকা আটকে রাখা হয়েছে, তার কোনও সদুত্তর মিলছে না প্রশাসনের তরফে।
এক বিক্ষোভকারী মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বলা হয়েছিল প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে । কিন্তু মাসের পর মাস কেটে গেলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য। ১০ দিনের মধ্যে সমাধান না হলে আমরা বাধ্য হয়ে জাতীয় সড়ক স্তব্ধ করে দেব।

