দেশজুড়ে তোলপাড় হয়েছে নিটের প্রশ্ন ফাঁস আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। এবার নিটে কারচুপি করা পরীক্ষার্থীদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA) চাইলে এই সমস্ত কারচুপিতে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইন মেনেই কড়া পদক্ষেপ করতে পারবে।
আরও পড়ুন:ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলনে চিনকে আহ্বান মোদির
এনটিএ কম নম্বর দিয়েছে— এই অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছিলেন কিছু পরীক্ষার্থী। আদালতের নির্দেশে পরীক্ষক সংস্থা NTA সেই সমস্ত মামলার রিপোর্ট জমা দেয়। আর তাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দেখা যায়, আদালতে প্রকৃত নম্বর ও তথ্য গোপন করে সম্পূর্ণ নকল ওএমআর শিট এবং জাল নথি দাখিল করে মামলা করা হয়েছে।
NTA-র আইনজীবীর পক্ষ থেকে আদালতে জানানো হয়, এক পরীক্ষার্থী তো তিনটি আলাদা ফলাফল জমা দিয়ে মামলা করেছেন এবং তাঁর জমা দেওয়া সমস্ত নথিই জাল ও বিকৃত। এমনকি তিনি ২০২৫ সালের স্কোরকার্ডও জমা দিয়েছিলেন! এই ঘটনায় ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে আগামী তিন বছরের জন্য পরীক্ষায় বসা নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে NTA। অন্য এক মামলায় এক পরীক্ষার্থী ৩৭০ নম্বর কারচুপির অভিযোগ তুললেও, আদালতের ভয়ে সেই মামলা প্রত্যাহারের আবেদন জানান। সবকটি মামলা খারিজ করে বিচারপতি সিনহা ক্ষোভ প্রকাশ করে জানান, জাল নথি দিয়ে খোদ আদালতকেই প্রতারিত করার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষা-দুর্নীতি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে পাঁচটি বিশেষ ফাস্ট-ট্র্যাক কোর্ট (Fast-Track Court) গঠনের প্রশাসনিক নির্দেশ জারি করেছে হাইকোর্ট। গত ২৯ জুলাই হাইকোর্টের রেজিস্ট্রার এই নির্দেশিকা জারি করেন। এই বিশেষ আদালতগুলির লক্ষ্য— Public Examinations Prevention of Unfair Means Act, 2024-এর অধীনে চলা মামলার বিচার প্রক্রিয়া চার্জশিট জমার তিন মাসের মধ্যে সম্পন্ন করা।

