ব্যাঙ্কে কি আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট (FD) আছে? তাহলে জেনে নিন পুজোর মাসেই বড় বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আরবিআইয়ের তরফে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সুদের হারে স্বচ্ছতা বজায় রাখতে এবার গ্রাম বা শহরে কোন বৈষম্য রাখা হবে না।
অক্টোবর থেকেই নয়া নিয়ম চালু হবে।
'স্মল ফাইন্যান্স ব্যাঙ্কস– ইন্টারেস্ট রেট অন ডিপোজিট’ সংশোধনীর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আগামী পয়লা অক্টোবর থেকে প্রত্যেক কাজের দিন (Working Day) সকাল দশটার মধ্যে ব্যাংক গুলিকে নিজেদের ওয়েবসাইটে বাল্ক ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। প্রযুক্তিগত কোনও সমস্যা হলে সে ক্ষেত্রে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় মিলবে। অর্থাৎ সকাল ১০টা ১০ মিনিটের মধ্যেই সুদের হার প্রকাশ্যে আনা বাধ্যতামূলক। শুধু তাই নয়, গ্রাহকদের কাছ থেকে ফিক্সড ডিপোজিটে টাকা জমা নেওয়ার আগেই ব্যাঙ্কগুলিকে সুদের হারের তালিকা প্রকাশ করতে হবে। ওয়েবসাইটে যে ইন্টারেস্ট রেট দেখানো থাকবে, গ্রাহককে ঠিক সেই হারেই সুদ দিতে হবে। একই দিনে এবং সমপরিমাণ টাকার জমার উপর বিভিন্ন গ্রাহককে আলাদা সুদের হার দেওয়া যাবে না। অর্থাৎ একই ব্যাঙ্কের গ্রামীণ শাখা ও শহরের ব্রাঞ্চে সুদের হারের বৈষম্য করা চলবে না। তবে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন হতে পারে। RBI-র এই নির্দেশিকা জারি করার পর অনেকেই মনে করছেন যেভাবে ব্যাংকের প্রতি সাধারণ মানুষ আস্থা হারাচ্ছেন সেই কথা মাথায় রেখেই এই ধরনের পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেটা খাতায়-কলমে না থেকে ব্যবহারিক ভাবে কতটা কার্যকরী হয় তার উত্তর মিলবে আগামিতে।

