Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রশাসনে বড়সড় রদবদল নবান্নের! একসঙ্গে বদলি ২৩ জন আইএএস আধিকারিক

প্রশাসনে বড়সড় রদবদল নবান্নের! একসঙ্গে বদলি ২৩ জন আইএএস আধিকারিক

রাজ্য প্রশাসনে একযোগে বড়সড় রদবদল করল নবান্ন। বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত ২৩ জন আইএএস আধিকারিককে বদলি করা হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস শাখা থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জনস্বার্থে এবং অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে।

বদলির তালিকায় অর্থ, বাণিজ্যিক কর, কৃষি, খাদ্য ও সরবরাহ, তথ্যপ্রযুক্তি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পরিবহণ এবং পুর প্রশাসনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকেরা রয়েছেন।

অর্থ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যিক করের কমিশনার খালিদ আজিজ আনোয়ারকে। অন্য দিকে, কৃষি দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মীনাকে বাণিজ্যিক করের নতুন কমিশনার করা হয়েছে। অর্থ দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি উমা শঙ্কর এস-কে বদলি করা হয়েছে আবাসন দফতরে।

প্রশাসনিক পরিকাঠামোয় গতি আনতে কলকাতা পুরসভা ও তথ্য-সংস্কৃতি দফতরেও একাধিক পরিবর্তন হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর অংশুল গুপ্তকে পাঠানো হয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের ডিরেক্টর পদে। তাঁর জায়গায় ওই দফতরের স্পেশ্যাল সেক্রেটারি ও ডিরেক্টর হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার এডিএম অবনীত পুনিয়া। এ ছাড়াও রাজ্যের জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার দিব্যা মুরুগেসন দায়িত্ব পাচ্ছেন কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে।

জেলা প্রশাসনের স্তরেও ব্যাপক রদবদল করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি, নদিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পর্যায়ের আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পরিবহণ, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি দফতরেও একাধিক আইএএস আধিকারিকের দায়িত্ব পুনর্বণ্টন করেছে রাজ্য সরকার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad