Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাহুলকে তোপ দাগতে গিয়ে বিড়ম্বননা! সমাজমাধ্যমে অধ্যাপিকার 'গ্রামার ক্লাস' নিলেন নেটিজেনরা

রাহুলকে তোপ দাগতে গিয়ে বিড়ম্বননা! সমাজমাধ্যমে অধ্যাপিকার 'গ্রামার ক্লাস' নিলেন নেটিজেনরা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রাজনৈতিক কটাক্ষ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাকরণের গ্যাঁড়াকলে পড়লেন এক কলেজ শিক্ষিকা। ইংরেজি ও শিক্ষা— দুই বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি গবেষক হিসেবে নিজের অ্যাকাডেমিক যোগ্যতার দীর্ঘ তালিকা পেশ করেছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক বার্তা পৌঁছনোর আগেই নেটিজেনদের চোখে ধরা পড়ে গেল তাঁর ভুল ইংরেজি ব্যাকরণ।

এর পর যা হওয়ার তা-ই হলো; কমেন্ট বক্সে শুরু হয়ে গেল ট্রোলারদের বিনামূল্যে ‘গ্রামার ক্লাস’!

ঘটনাটি ঘটেছে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ। নিজেকে একটি কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে পরিচয় দেওয়া অর্পিতা চট্টোপাধ্যায় সম্প্রতি রাহুল গান্ধীর একটি মন্তব্য নিয়ে পোস্ট করেন। মূলত ‘অন্ধভক্ত’ বিতর্ক ঘিরে রাহুলকে নিশানা করাই ছিল তাঁর উদ্দেশ্য। পোস্টে তিনি লেখেন, রাহুলের মতে ‘অন্ধভক্ত’ মানেই নাকি বোকা। এর পর নিজের ডিগ্রির বহর তুলে ধরে প্রশ্ন তোলেন, দুটি মাস্টার্স ডিগ্রি, বিএড থাকা সত্ত্বেও এবং পিএইচডি করা সত্ত্বেও তিনি যদি নিজেকে ‘অন্ধভক্ত’ বলেন, তবে কি তিনিও বোকা?

উদ্দেশ্য রাজনৈতিক হলেও পোস্টটি ভাইরাল হয় একেবারে ভিন্ন কারণে। নেটিজেনদের নজর আটকে যায় তাঁর প্রাথমিক ব্যাকরণগত ভুলে। এক জন ইংরেজির অধ্যাপিকা হয়ে কীভাবে এমন ভুল করলেন, তা নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায় নেটপাড়ায়। নেটিজেনরা একের পর এক ভুল ধরাতে শুরু করেন— যেমন বহুবচনে ‘degrees’-এর জায়গায় লেখা হয়েছিল ‘degree’ এবং ‘pursuing a PhD’-র বদলে লেখা হয়েছিল ‘pursuing PhD’।

কমেন্ট বক্সে অনেকেই পুরো পোস্টটি ব্যাকরণ শুধরে রি-পোস্ট করেন। নেটিজেনদের একাংশের মন্তব্য, রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে পোস্টটি শেষ পর্যন্ত ব্যাকরণ শিক্ষার ক্লাসে পরিণত হলো। অন্যকে প্রশ্নবাণে বিদ্ধ করতে গিয়ে নিজের অসাবধানতার মাসুল দিতে হলো ওই অধ্যাপিকাকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad