কেন সংসদে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ? তাঁকে এখনই আসতে বলা হোক রাজ্যসভায়। বুধবার ফের এই দাবি তুলে রাজ্যসভায় রীতিমতো হইচই ফেলে দিল তৃণমূল। দলের সাংসদ মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট বিলের উপরে বলতে উঠে প্রশ্ন তোলেন, কেন সংসদে আসছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?
বিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় মোদি সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ মেনকা (Meneka Guruswami)।
আইনজীবী - সাংসদের কথায়, শুধুমাত্র অর্ডিন্যান্স এনে বিচারপতির সংখ্যা ৪ জন বাড়ালেই সমাধান হবে না মূল সমস্যার। আসল সমস্যাটা হল, পিছিয়ে পড়া শ্রেণি এবং ধর্মীয় সংখ্যালঘুদের পর্যাপ্ত সংখ্যায় বিচারপতি পদে নিয়োগ করছে না কেন্দ্র। নিয়োগ করা হচ্ছে তাঁদেরই, যাঁরা সম মতাদর্শে বিশ্বাসী। তথ্য এবং পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়ে দেন, দেশের হাইকোর্টগুলোতে সবমিলিয়ে ৩০ শতাংশ পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। মহিলা বিচারপতির সংখ্যা ১৪ শতাংশেরও কম। তফসিলি জাতি, উপজাতি এবং মহিলা বিচারক সবমিলিয়ে ২০ শতাংশেরও কম। মেনকা গুরুস্বামীর মতে এটা শুধু বিচারব্যবস্থা নয়, সাংবিধানিক অধিকারের প্রশ্নও। এর পরেই তাঁর মন্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীরই সংসদে এসে এই প্রশ্নের জবাব দেওয়া উচিত।

