পরিচালক সৃজিত যখন সুরকার, অভিনেতা অনির্বাণ তখন গায়ক। টলিপাড়ায় নতুন যুগলবন্দির খবরে উচ্ছ্বসিত দর্শকরা।'বাইশে শ্রাবণ' পরিচালক টলিউডের চেনা ছকের বাইরে গিয়ে নতুনত্বের উপহার দর্শকের কাছে পৌঁছে দিতে বরাবরই স্বচ্ছন্দ বোধ করেন। তাই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সিনেমা মানে অন্যরকম ভাবনার প্রতিফলন দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এখন ব্যস্ত গোয়েন্দা ঘরানার নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর শ্যুটিং নিয়ে। সেখানেই মিলল সারপ্রাইজ। জানা গিয়েছে এবার নাকি এই ছবির জন্যই সৃজিতের সুর করা গানে কণ্ঠ দেবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। খবর ছড়িয়ে পড়তেই, 'কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া'-র নস্টালজিয়ায় বুঁদ অভিনেতার অনুরাগীরা।
সৃজিতের নতুন গোয়েন্দা ছবির মুখ্য চরিত্র রয়েছে যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। ইতিমধ্যেই শ্যুটিং ও সিনেমার ওয়ার্কশপ সংক্রান্ত নানা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরিচালকের সঙ্গে খোশমেজাজে ধরা দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। ২২ গজে ব্যাট হাতে ইধিকাকে দেখে চমকে গেছিলেন নেট ব্যবহারকারীদের একাংশ। এবার পরের চমক, পরিচালকের সুরকার অবতারের যোগ্য সঙ্গত গায়ক অভিনেতা অনির্বাণের। যদিও গানের বিষয় বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। যেহেতু গোয়েন্দা গল্প তাই খুব স্বাভাবিকভাবেই রহস্য রোমাঞ্চপ্রিয় বাঙালির আগ্রহ রয়েছে এই সিনেমাকে ঘিরে।ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় নবতম সংযোজন ‘গোয়েন্দা কানাইচরণ’। তাঁকে দর্শকের মনে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন সৃজিত, এখন সেটাই দেখার।

