Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বরূপের উদ্যোগে কুমারটুলিতে তৈরি হচ্ছে জগমোহন ডালমিয়ার পূর্ণাবয়ব মূর্তি

বিশ্বরূপের উদ্যোগে কুমারটুলিতে তৈরি হচ্ছে জগমোহন ডালমিয়ার পূর্ণাবয়ব মূর্তি

Cloud TV 2 hrs ago

ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় ক্রিকেট প্রশাসনের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়ার জন্মদিনে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন সিএবির প্রাক্তন যুগ্মসচিব ও বর্তমান ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। শুক্রবার, ৩০ মে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার জন্মদিন।

সেই উপলক্ষে কুমারটুলিতে তৈরি হওয়া তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বরূপ।

ভারতীয় ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জগমোহন ডালমিয়ার অবদান আজও ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয়। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। মৃত্যুর এক দশক পরেও ময়দানের 'জগুদা'কে ভোলেননি তাঁর অনুগামীরা এবং সহকর্মীরা।

জানা গিয়েছে, জগমোহন ডালমিয়ার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও শিষ্য হিসেবে পরিচিত বিশ্বরূপ দে তাঁর গুরুকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। তাঁর অনুরোধেই কুমারটুলির খ্যাতনামা মৃৎশিল্পী মিন্টু পাল জগমোহন ডালমিয়ার একটি পূর্ণাবয়ব মূর্তি নির্মাণ করছেন।

ইতিমধ্যেই মূর্তির বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় জগমোহন ডালমিয়ার অবিকল প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই মূর্তিতে। যদিও এখনও কিছু কাজ বাকি রয়েছে, তবুও মূর্তিটি দেখে মুগ্ধ ক্রিকেট ও ক্রীড়ামহল।

শনিবার কুমারটুলিতে পৌঁছে অসম্পূর্ণ মূর্তিতেই মাল্যদান করেন বিশ্বরূপ দে। তিনি বলেন, জগমোহন ডালমিয়া শুধু একজন সফল ক্রিকেট প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন বাংলার গর্ব এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম স্থপতি। তাঁর আদর্শ ও কর্মজীবন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।

ক্রীড়াজগতের অনেকেই মনে করছেন, জগমোহন ডালমিয়ার স্মৃতিকে ধরে রাখার ক্ষেত্রে এই মূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রিকেট প্রশাসনে তাঁর অবদান এবং ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে তাঁর ভূমিকা আজও অনস্বীকার্য।

বিশ্বরূপ দে-র এই উদ্যোগ ইতিমধ্যেই ক্রীড়ামহলে প্রশংসা কুড়িয়েছে। জগমোহন ডালমিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য নিদর্শন হয়ে উঠতে চলেছে কুমারটুলির এই পূর্ণাবয়ব মূর্তি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cloud TV