Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

শুধু কবিতার জন্য: পর্ব ৫৪

Daak Bangla 2 days ago

কয়েকটি কবিতা


মাদের পরিবার ফুটে থাকে বাগানের কাছে।
তামাম ফুলের গন্ধে পাড়াপড়শি জড়ো হয় রোজ…
এ বলে, 'খবর এল?', সে বলে, 'দুপুরে কী কী আছে?'
এমন উদ্বাস্তু হাত, জল পায় গোলাপি কাগজ।


উড়ন্ত সে-সীমা থেকে আরও কিছু দূরে গেলে টিলা।
নীচে যে-শহর, তা আসলে আংটি। শয়তানের হাতে।

আলো ও শব্দের মধ্যে যুবতীরা সহজ টাকিলা…
নেশার নিকষ ডানা, উড়ে যাবে কাল, সুপ্রভাতে।


নীরবতা ভাঁজ ক'রে রুমাল বানায় যে-কিশোরী,
যার মা অন্ধ ও যার বাবা মাছ ধরতে দূরে যান…
আমি তার নীল হাত আজ মনে-মনে কাছে এনে ধরি।
দুঃখ যে মরেনি এই পৃথিবীতে, সে তার প্রমাণ।


হে মনস্কামনা, তুমি কত দূরে গেলে চিঠি হবে?
স্মরণে সুগন্ধ লিখে পাঠাবে কবুতরের দ্বারা?
এবার আলোও কম, আমাদের বিষাদ উৎসবে-
সে যেন উত্তর লেখে। তুমি দাও, আঙুল পাহারা!


আনাগোনা গুনি আর জানাত না সে বুঝি আমায়
কখন চৌকাঠ উড়ে আকাশে হয়েছে উল্কাপাত…
দরজা খুলে ভেসে গেছে ছায়াপথে, বাড়ি চূর্ণপ্রায়
আমাদের ভালবাসা মহাকাশে আবছায়ারাত!


তিরিশ বছর পর তোমাদের দেখা হল আজ।
তুমি, ও তোমার আয়না। যাকে বিক্রি করেছিলে কবে…
বাণিজ্যের ধুলো লেগে কিছু ঝাপসা, অতীত কোলাজ।
বাজারে দাঁড়াও তবু, জেনো, আজ বোঝাপড়া হবে।


তড়িৎ নামের শান্তি শিরায় খেলেছে মারাত্মক!
ঝলসে পারা হয়ে গেছে চলাচল, সমস্ত রক্তের।
এরকম স্পর্শ লেগে যদি আমি ছাইকাটা ছক-
তুমিও দাবার চালে বৃষ্টি হয়ে নেমে এসো ফের…


সামান্য জলের ভঙ্গি, তাকে তুমি ঝরনা ব'লে ডাকো।
নেহাত পাথররাশি, তাকে নাম দিয়েছ পর্বত।
আমাকে করে না পার, তোমার প্রশংসাময় সাঁকো…
ঘুমোলে যে-শব্দ শুনি, সে কি শুধু অপছন্দস্রোত?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Daak Bangla