Dailyhunt
আসানসোল উত্তরে প্রার্থী তিন কৃষ্ণেন্দু! 'নেম গেম' ঘিরে বিপাকে বিজেপি

আসানসোল উত্তরে প্রার্থী তিন কৃষ্ণেন্দু! 'নেম গেম' ঘিরে বিপাকে বিজেপি

ক নাম, তিন প্রার্থী! আসানসোল উত্তরে বিধানসভা ভোটে 'নেম গেম' ঘিরে বাড়ছে চাঞ্চল্য। বিপাকে পড়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু। মনোনয়ন যাচাইয়ের পর প্রকাশিত তালিকা দেখে কার্যত অবাক প্রশাসন থেকে রাজনৈতিক মহল- সবাই। ভোটের আগে এই অদ্ভুত পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা মলয় ঘটকের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কিন্তু চমক এখানেই-বিজেপির ওই প্রার্থী ছাড়াও আরও দুই জন 'কৃষ্ণেন্দু' মনোনয়ন জমা দিয়েছেন নির্দল হিসেবে।

Advertisement

জানা গিয়েছে, নির্দল প্রার্থীদের একজনের নামও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, যিনি পেশায় আইনজীবী। অন্যজন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, যাঁকে তৃণমূলের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে ব্যালটে একই নাম বারবার দেখা গেলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'সবটাই চক্রান্ত। ভোটারদের বিভ্রান্ত করতেই ডামি প্রার্থী নামানো হয়েছে।' তাঁর আশঙ্কা, নামের মিল কাজে লাগিয়ে ভোট কাটার চেষ্টা হতে পারে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে। ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় জানান, 'নাম এক হতে পারে, কিন্তু প্রতীক তো আলাদা। মানুষ প্রতীক দেখেই ভোট দেয়। সংগঠন শক্ত থাকলে কোনও বিভ্রান্তির সুযোগ নেই।'

উল্লেখ্য, আসানসোল উত্তর কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪। এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের মলয় ঘটকের পাশাপাশি বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও বামফ্রন্টের অখিলেশ কুমার সিং এবং কংগ্রেসের প্রসেনজিৎ পুইতন্ডিও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনৈতিক মহলের মতে, এই 'এক নামের তিন প্রার্থী' ইস্যু ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। তবে একথা স্পষ্ট, আসানসোল উত্তরে এবার 'নেম গেম'-এর জন্য রাজ্যের অন্য সব কেন্দ্রকে টেক্কা দিচ্ছে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman