Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শ্রীজাতর নতুন কবিতা, 'পুড়বে তোমার উঠোনটাও'

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শ্রীজাতর নতুন কবিতা, 'পুড়বে তোমার উঠোনটাও'

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হিংসা ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে প্রতিবাদে সরব হলেন কবি শ্রীজাত। প্রতিবেশী দেশে হিন্দুদের নিরাপত্তাহীনতার ছবি এবার তাঁর নতুন কবিতা 'উঠোন'-এ উঠে এসেছে। ধর্মীয় পরিচয়ের কারণে নিজের ভিটেমাটিতে আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের-এই যন্ত্রণাকেই কবিতার ছত্রে ছত্রে তুলে ধরেছেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে বারবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি গোপালগঞ্জ ও নড়াইল-সহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের প্রায় ২০০টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে কলম ধরেছেন শ্রীজাত।

'যে যেখানে সংখ্যালঘু/তার সেখানে জীবন শেষ/ চোখ বুজে আজ পাশ ফেরো ঘুম -/জ্বলছে জ্বলুক বাংলাদেশ!' কবিতার শুরুতেই এই কয়েকটি পঙ্‌ক্তিতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বাস্তবতা এবং সমাজের একাংশের উদাসীনতাকে তুলে ধরেছেন কবি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে ছবি দেখা যাচ্ছে, কবিতার বক্তব্যে তারও প্রতিফলন রয়েছে।

সংখ্যাগুরুর ধর্মীয় দম্ভ এবং প্রতিবেশীর প্রতি বিদ্বেষের পরিণতি নিয়েও সতর্ক করেছেন শ্রীজাত। তাঁর কবিতায় রয়েছে, 'চিরকালীন পড়শিজনে/'হিন্দু' হবার মাসুল দিক।/তোমার ধর্ম এই কি শেখায়?/পাশের ঘরে আগুন দাও?/আজ পোড়ে ভাত, কাল যে কে খায়…/পুড়বে তোমার উঠোনটাও।' প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে যে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বরং সেই আগুন একদিন নিজের ঘরেও পৌঁছতে পারে, এই বার্তাই দিয়েছেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে এর আগেও কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শ্রীজাত। তবে এবারের কবিতার প্রেক্ষাপটে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক টানাপড়েন। আওয়ামি লিগের নেতা-কর্মীদের পাশাপাশি দলটির সমর্থক বলে পরিচিত বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও পুলিশি পদক্ষেপের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি-সহ বিনোদন জগতের কয়েকজন পরিচিত ব্যক্তিত্বকে থানায় নিয়ে যাওয়া ও গ্রেপ্তারের ঘটনাও বিতর্ক তৈরি করেছে।

এই সমস্ত ঘটনার মধ্যে ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন কীভাবে মানুষের নিরাপত্তাকে প্রভাবিত করছে, তা নিয়েই উদ্বেগ প্রকাশ পেয়েছে শ্রীজাতর কবিতায়। 'উঠোন' তাই কেবল বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশার বিবরণ নয়, প্রতিবেশীর বিপদে নীরব থাকার পরিণতি নিয়েও এক সতর্ক উচ্চারণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman