Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

বার্লিনের প্রাইড শোভাযাত্রায় হামলা, নিহত ১, আহত কমপক্ষে ১৬

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ সম্প্রদায় বা সমকামীদের বার্ষিক শোভাযাত্রায় ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এই হামলার জেরে একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ১৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর অভিযুক্ত গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ তাকে শনাক্ত করলেও এখনও গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জার্মানিতে 'ক্রিস্টোফার স্ট্রিট ডে' সমকামী সমাজের অন্যতম বড় অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টা নাগাদ টিয়ারগার্টেন পার্কের কাছে হাজার হাজার মানুষ প্রাইড শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। সেই সময় আচমকা একটি সাদা রঙের ভ্যান দ্রুতগতিতে জনতার ভিড়ে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যে চারদিকে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। হামলার পরই পুলিশ, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

নিরাপত্তার স্বার্থে প্রাইড উৎসবের বাকি অনুষ্ঠান ও কনসার্ট বাতিল করে এলাকা খালি করে দেওয়া হয়। এর পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জন্য একটি বিশেষ হেল্পলাইনও চালু করেছে প্রশাসন। বার্লিন পুলিশের দাবি, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে শহরজুড়ে তল্লাশি চলছে। হেলিকপ্টার, থার্মাল-ইমেজিং ক্যামেরা ও বিশেষ বাহিনীকে কাজে লাগানো হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার পিছনে ইসলামপন্থী উগ্রবাদীদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো হয়নি। এটি একক হামলা নাকি কোনও বড় ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। বার্লিনের মেয়র কাই ভেগনারও এই ঘটনাকে 'স্বাধীন ও উদার সমাজের উপর আঘাত' বলে মন্তব্য করেছেন।

বার্লিনের ক্রিস্টোফার স্ট্রিট ডে ইউরোপের অন্যতম বৃহত্তম প্রাইড অনুষ্ঠান। প্রতি বছর কয়েক লক্ষ মানুষ এতে অংশ নেন। ১৯৬৯ সালে নিউইয়র্কের স্টোনওয়াল বিদ্রোহের স্মৃতিকে সম্মান জানিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারও প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করা হয়েছিল। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপের বিভিন্ন দেশে জনবহুল এলাকায় গাড়ি চালিয়ে হামলার একাধিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলায় ৮৬ জন নিহত হয়েছিলেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman