Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বন্ডে সই করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে বিজেপির একটি সূত্রের দাবি, আপাতত স্থিতিশীল রয়েছে বিধায়কের শারীরিক অবস্থা। তবে ঠিক কী ধরনের বিষক্রিয়া হয়েছে এবং তার প্রভাব কতটা, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

বিধায়ক হওয়ার আগে থেকেই একাধিক ঘটনায় সংবাদ শিরোনামে এসেছেন রেখা। দলীয় নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে বাড়ি ভাড়া নিয়ে টাকা না দেওয়ার অভিযোগও উঠেছিল। পুলিশের সঙ্গে বিবাদে জড়ানো এবং কর্তব্যরত এক পুলিশকর্মীর জামার কলার ধরে হেনস্থা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে পরাজিত হন তিনি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয়ী হন রেখা।

তবে বিধায়ক হওয়ার পরেও দলের জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টি একাধিকবার প্রকাশ্যে এসেছে। জেলা নেতৃত্বের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সম্প্রতি তিনি জানিয়েছিলেন, সেই কারণেই দলের জেলা স্তরের কর্মসূচিতে যোগ দেন না। নিজের বিধানসভা এলাকার কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন বলে জানিয়েছিলেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman