Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চিনের মোকাবিলায় প্রস্তুত ভারতীয় বায়ুসেনা, তবে সহজ নয় পরিস্থিতি

চিনের মোকাবিলায় প্রস্তুত ভারতীয় বায়ুসেনা, তবে সহজ নয় পরিস্থিতি

ভারতের নিরাপত্তার প্রশ্নে চিন এখন আর শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, এক বড় কৌশলগত চ্যালেঞ্জ। সীমান্তে সামরিক তৎপরতা, দ্রুত অস্ত্রভাণ্ডার বাড়ানো, আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং সামরিক পরিকাঠামোর উন্নয়ন- সব মিলিয়ে চিনের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি কতটা শক্তিশালী, বিশেষ করে আকাশপথে চিনের মোকাবিলা করার মতো ক্ষমতা ভারতীয় বায়ুসেনার কতটা রয়েছে, সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিতের বক্তব্য সেই প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। তাঁর কথায়, চিনের যে কোনও আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি ভারতীয় বায়ুসেনার রয়েছে। তবে পরিস্থিতি মোটেই সহজ নয়।
দিল্লিতে এএনআই আয়োজিত জাতীয় নিরাপত্তা সম্মেলনে বায়ুসেনা প্রধান জানিয়েছেন, দেশের প্রতিপক্ষের সামরিক গতিবিধির উপরে নিয়মিত নজর রাখা হচ্ছে। সম্ভাব্য বিপদের মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনাও তৈরি রয়েছে। বায়ুসেনায় যুক্ত করা হচ্ছে নতুনপ্রযুক্তি। ফলে চিনের আগ্রাসন প্রতিরোধ করার মতো অবস্থায় ভারত রয়েছে। কিন্তু তিনি একই সঙ্গে স্বীকার করেছেন, এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ কাজ নয়। তাঁর এই স্বীকারোক্তির মধ্যেই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি ও দুর্বলতা দুটোই স্পষ্ট
হয়ে উঠেছে।
আসলে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধ এবং শান্তির মধ্যবর্তী সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। কোথাও সরাসরি যুদ্ধ চলছে, কোথাও সীমান্তে সামরিক উত্তেজনা, আবার কোথাও চলছে শক্তি প্রদর্শন ও কৌশলগত প্রতিযোগিতা। বায়ুসেনা প্রধান এই অবস্থাকে বলেছেন 'না শান্তি, না যুদ্ধ'। অর্থাৎ, পরিস্থিতি এমন যে কোনও মুহূর্তে তা সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে। এই বাস্তবতায় শুধু অস্ত্রশস্ত্র মজুত রাখলেই হবে না, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রতিপক্ষের গতিবিধি বুঝতে পারা এবং প্রয়োজনের মুহূর্তে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও থাকতে হবে।
ভারতের সামনে সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল যুদ্ধবিমানের সংখ্যা। একটি দেশের বায়ুসেনার কার্যকর শক্তি নির্ভর করে শুধু যুদ্ধবিমানের আধুনিকতার উপরে নয়, কতগুলি বিমান একই সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা সম্ভব, তার উপরেও। ভারতীয় বায়ুসেনার অনুমোদিত যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা ৪২.৫। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ২৯টি স্কোয়াড্রন। অর্থাৎ প্রয়োজনের তুলনায় ঘাটতি যথেষ্ট বেশি। এই ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেইউদ্বেগ রয়েছে।
চিনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় এই ঘাটতি যে বড় সমস্যা হয়ে উঠতে পারে, তা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং উত্তর সীমান্তে চিন- দুই দিকেই সামরিক প্রস্তুতি বজায় রাখতে হয়। একসঙ্গে দুই সীমান্তে সংঘাতের আশঙ্কা থাকলে বায়ুসেনার উপর চাপ আরও বাড়বে। তাই যুদ্ধবিমানের সংখ্যা দ্রুত বাড়ানো এখন বিশেষ প্রয়োজন।
এই কারণেই ১১৪টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট বা এমআরএফএ কেনার পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বায়ুসেনা। এই প্রকল্পের আওতায় ফ্রান্সের দাসো সংস্থার তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব রয়েছে। আনুমানিক ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সামরিক ক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, ১১৪টি বিমানের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে কেনা হবে। বাকি ৯৬টি বিমান ভারতেই তৈরি হওয়ার কথা, একটি দেশীয় সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে। বছরে প্রায় ১২টি বিমান উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বায়ুসেনা চাইছে, ২০২৬-২৭ অর্থবর্ষের শেষের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করতে। কিন্তু প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি স্বাক্ষর, উৎপাদন এবং সরবরাহ- প্রতিটি পর্যায়েই সময় লাগে। ফলে চুক্তি দ্রুত সম্পন্ন হলেও প্রয়োজনীয় সংখ্যক বিমান হাতে পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।
এখানেই ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার একটি বড় দুর্বলতা সামনে আসে। সামরিক প্রয়োজন এবং বাস্তবে অস্ত্র হাতে পাওয়ার মধ্যে অনেক সময়ের ব্যবধান থেকে যায়। আধুনিক যুদ্ধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। আজ যে প্রযুক্তি অত্যাধুনিক, কয়েক বছর পর সেটিই হয়তো পুরনো হয়ে যাবে। তাই শুধু নতুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিলেই হবে না, সেগুলি যথাসময়ে বাহিনীতে যুক্ত করার ব্যবস্থাও করতে হবে।
বায়ুসেনা প্রধান অবশ্য শুধু নতুন বিমান কেনার উপর নির্ভর করতে চান না। পুরনো বিমানগুলিকে আধুনিক প্রযুক্তিতে উন্নত করার উপরেও তিনি জোর দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বেশ কিছু বিমান ইতিমধ্যে আধুনিক করা হয়েছে, আরও কিছু বিমানের আধুনিকীকরণের কাজ চলছে। সুখোই-৩০ যুদ্ধবিমানের উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কারণ, নতুন যুদ্ধবিমান কেনার খরচ যেমন বিপুল, তেমনই সরবরাহের সময়ও দীর্ঘ। ফলে বর্তমানে ব্যবহৃত বিমানগুলির যুদ্ধক্ষমতা বাড়ানো গেলে সাময়িকভাবে হলেও ঘাটতি সামাল দেওয়া সম্ভব।
তবে শুধু যুদ্ধবিমান দিয়ে আধুনিক যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ হয় না। প্রয়োজন উন্নত রাডার, নজরদারি ব্যবস্থা, নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। আকাশে শত্রুর অবস্থান সম্পর্কে আগে থেকে জানতে পারা এবং সেই তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এখন যুদ্ধজয়ের অন্যতম শর্ত। চিন এই সব ক্ষেত্রেই বিপুল বিনিয়োগ করছে। ফলে ভারতেরও প্রযুক্তিগত উন্নয়নের গতি বাড়ানো জরুরি।
এ ক্ষেত্রে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের উপর বায়ুসেনা প্রধানের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিদেশ থেকে অস্ত্র কেনার প্রয়োজন হয়তো পুরোপুরি মিটবে না, কিন্তু দীর্ঘদিন ধরে অন্য দেশের উপর নির্ভরশীল থাকলে যুদ্ধের সময় সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা কিংবা সরবরাহকারী দেশের নিজস্ব স্বার্থ- সবই ভারতের সামরিক প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। তাই দেশেই যুদ্ধবিমান, ইঞ্জিন, রাডার, ক্ষেপণাস্ত্র
এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির ক্ষমতা
বাড়ানো দরকার।
ভারতের নিজস্ব যুদ্ধবিমান উৎপাদন প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করতে হবে। শুধু বিমান তৈরি করলেই হবে না, তার ইঞ্জিন, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের প্রযুক্তিও দেশে তৈরি করতে হবে। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রকৃত অর্থ এটাই।
বায়ুসেনা প্রধান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার নাম দিয়েছেন 'বায়ু'। এর চারটি মূল লক্ষ্য হল সতর্কতা ও প্রস্তুতি, আত্মনির্ভরতা, নতুন চিন্তাভাবনা এবং সম্মিলিত উদ্যোগ। এই চারটি বিষয়ই বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। তবে পরিকল্পনা ঘোষণার পাশাপাশি তার বাস্তবায়ন কত দ্রুত হচ্ছে, সেটাই আসল বিচার্য।
ভারতের সামনে চিনের সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে। কিন্তু এই প্রতিযোগিতাকে শুধু যুদ্ধবিমান বা অস্ত্রের সংখ্যার লড়াই হিসেবে দেখলে চলবে না। অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত দক্ষতা, শিল্প উৎপাদনের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা- সব কিছুর সঙ্গে প্রতিরক্ষা প্রস্তুতি জড়িয়ে রয়েছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে না। প্রস্তুতি নিতে হয় শান্তির সময়েই।
ভারতীয় বায়ুসেনা চিনের আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত- বায়ুসেনা প্রধানের এই আশ্বাস গুরুত্বপূর্ণ। কিন্তু তাঁর সতর্কবার্তাও সমান গুরুত্বের দাবি রাখে। ২৯টি স্কোয়াড্রন নিয়ে ৪২.৫টির প্রয়োজন মেটানো সম্ভব নয়। নতুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত কার্যকর হতে সময় লাগবে। তাই এই সময়ের মধ্যে বিদ্যমান শক্তিকে আরও কার্যকর করে তোলা এবং দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটানো জরুরি।
জাতীয় নিরাপত্তার প্রশ্নে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। চিনকে মোকাবিলা করার জন্য ভারতকে শুধু প্রস্তুত থাকলেই চলবে না, প্রতিপক্ষের তুলনায় দ্রুত আধুনিক হওয়ার ক্ষমতাও অর্জন করতে হবে। কারণ, আকাশসীমার নিরাপত্তা রক্ষা করতে হলে সাহসের পাশাপাশি প্রয়োজন প্রযুক্তি, পর্যাপ্ত অস্ত্রশক্তি এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির সাফল্য নির্ভর করবে এই তিনটির সমন্বয়ের উপরেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman