Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঝিল্লি পাখিরালয়ে পরিযায়ী পাখিদের ভিড় শুরু, দেখতে আসছেন বিপুল পর্যটকও

ঝিল্লি পাখিরালয়ে পরিযায়ী পাখিদের ভিড় শুরু, দেখতে আসছেন বিপুল পর্যটকও

আকভান ঘূর্ণিঝড় চলে যেতেই রাজ্যে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করেছে। ভোরের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে। তবে সে কুয়াশা তেমন জমাটি নয়। শনিবার মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে রোদের দেখা পেয়েছেন বঙ্গবাসী। এই আবহে এদিন থেকে শীতের আমেজের সঙ্গে শুরু হয়েছে সকাল-সন্ধ্যায় হিমেল হাওয়া।

আর তাতেই গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়ে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়েছে। ভিড় জমাতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। আর তার মধ্যে চারপাশের শাল-পিয়ালের ঘন জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরাও।

এই আবহে এখানে পিকনিক করতে পর্যটকরা আসছেন। তার সঙ্গে আবার বহু পর্যটক সময় কাটাতেও কদিন থেকেও যাচ্ছেন। নিরিবিলি জায়গায় শীতের আমেজে পরিযায়ী পাখিদের কোলাহল পৃথক মাত্রা যোগ করেছে। যা পর্যটকদের মন কেড়ে নিয়েছে। প্রায় ১৫০ বিঘা এলাকাজুড়ে অবস্থিত ঝিল্লি পাখিরালয়ের জলাশয়। শাল-পিয়ালের জঙ্গলে ঘেরা এই জলাশয়ে ভিড় জমাতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। ঝাড়গ্রামের বৃন্দাবনপুরে সাইবেরিয়ার রুবিথ্রোট বা চুনিকণ্ঠী পাখির দেখা মিলেছে। আবার ঝিল্লি পাখিরালয়ের জলাশয়ে পিয়ং হাঁস, হুইসলিং ডাক, মুরহেনের মতো পাখিদের ভাসতে দেখা যাচ্ছে। যা জানতে পেরে সাধারণ পর্যটক থেকে পক্ষীপ্রেমীরা ছুটে আসছেন। ক্যামেরাবন্দি করা হচ্ছে সেইসব দৃশ্য।

এখানে বেড়াতে আসা পর্যটক মধুছন্দা মৈত্র পরিবার নিয়ে বেড়াতে এসেছেন। আর দু'দিন সেখানে থেকে নিরিবিলিতে পাখিদের কলবর শুনে সুন্দর সময় কাটিয়েছেন। তাঁর কথায়, 'সকাল এবং রাতে পরিযায়ী পাখিদের আনাগোনা লেগে থাকে। নানা শব্দ শোনা যায়। তবে এমন অনেক পাখিই আসে যাদের নাম আমার জানা নেই। তবে সময় ভাল কেটেছে।' এটা পাখি দেখার আদর্শ সময়। ভোরবেলা এবং বিকেলে আসে পরিযায়ী পাখিরা। এক পশলা বৃষ্টির পর পাখি দেখার সুযোগ বেড়ে গিয়েছে পর্যটকদের। কারণ, বৃষ্টির পর পোকামাকড়ের সন্ধানে জলাশয়ে ভিড় জমাচ্ছে বহু পরিযায়ী পাখি। আশপাশ থেকেও বেরিয়ে আসছে পরিযায়ী পাখিরা বলে পর্যটকরা বলছেন।

তাছাড়া ঝিল্লি পাখিরালয়ে পর্যটকদের থাকার জন্য দুটি কটেজ আছে। শিশুদের জন্য খেলার পার্ক, ফুলের বাগান এবং বোটিংয়ের ব্যবস্থাও আছে। এমনকী ওয়াচ টাওয়ারে উঠে প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্য দেখার ব্যবস্থাও রাখা হয়েছে। হুগলির বাসিন্দা প্রকৃতিপ্রেমী শাশ্বতী সেনগুপ্ত বলেন, 'উইকএন্ডের ট্যুর হিসাবে ঝিল্লি পাখিরালয় আদর্শ সময় কাটানোর জায়গা। এখানে খাবার খুব সুস্বাদু এবং সস্তা। তার সঙ্গে পাখির কলতান শুনে ঘুম থেকে ওঠা এক নৈসর্গিক সুখ। তবে আমি সাইবেরিয়ার রুবিথ্রোট দেখতে এসেছি।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman